মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ অতিবৃদ্ধ, পঙ্গু বা অসহায় নারী; নিরুপায় হয়ে তাঁরা মাদক ব্যবসায় জড়িয়েছিলেন। কেউ আবার লোভে পড়ে এ অবৈধ কারবারে নেমেছিলেন। এমন প্রায় ৩০০ জন গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

সর্বশেষ গতকাল সোমবার জেলার ৫০ জন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁদের শুভেচ্ছা জানাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে রোববার চুয়াডাঙ্গা পুলিশ পার্কে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে ১৪১ জন আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার তাঁদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার সব মাদক ব্যবসায়ীকে আত্মসমর্পণের জন্য তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। প্রথম দিকে অল্প কয়েকজন এ আহ্বানে সাড়া দেন। তবে দেরিতে হলেও এখন অনেকেই সাড়া দিচ্ছেন। সব মিলিয়ে গতকাল পর্যন্ত ২৭৬ জন আত্মসমর্পণ করেছেন। এর আগে ২১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ পার্কে ৬১ জন ও ২৪ ফেব্রুয়ারি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ২৪ জন আত্মসমর্পণ করেন। এ ছাড়া বিক্ষিপ্তভাবে আরও ৩৬ জন মাদক ব্যবসা করবেন না বলে লিখিত অঙ্গীকার করেছেন। এর বাইরে শতাধিক ব্যক্তিকে সম্প্রতি গ্রেপ্তার ও আরও শতাধিক ব্যক্তির ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হয়।

কী ব্যবস্থা হবে তাঁদের জন্য

পুলিশ বলছে, আত্মসমর্পণ করা এসব ব্যক্তির পুনর্বাসনের ব্যবস্থা নেবে তারা। তাঁদের সম্মানজনক বিভিন্ন পেশায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, উপকরণ প্রদানসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, মাদক ছেড়ে যাঁরা আলোর পথে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন, তাঁদের অধিকাংশেরই পুঁজি আছে। এই মানুষগুলোর সামনে একটি ভালো ব্যবসার ধারণা দিতে হবে। আবার একটি অংশের কায়িক পরিশ্রমের সক্ষমতা আছে, তাদের কাজ দেওয়া হবে। আর একটা অংশ আছে, যাঁরা অতিবৃদ্ধ, পঙ্গু ও অসহায় নারী। নিরুপায় হয়ে তাঁরা এ অবৈধ কারবারে জড়িয়ে পড়েন। তাঁদের পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চাওয়া হয়েছে।

‘সর্ষের ভেতরের ভূত’ তাড়ানোর ঘোষণা

১৩ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভায় সাংবাদিকেরা মাদককে জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেন। সাংবাদিকদের আহ্বানে পুলিশের শীর্ষ কর্মকর্তারা সাড়া দেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপার জেলার মাদক ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলেন।

বেলায়েত হোসেন বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসৎ সদস্য এবং নামধারী কথিত কিছু সাংবাদিক ‘সর্ষের ভেতরের ভূত’। তাঁদের কারণে মাদক নির্মূল সম্ভব হয় না। জীবননগরের গয়েশপুর স্কুল মাঠের অনুষ্ঠানে তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা বলেছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁরা এত দিন ব্যবসা ছাড়তে পারেননি। কারণ, সেই সর্ষের ভেতরে ভূত। সর্ষের ভূতের তালিকাও প্রস্তুত হয়েছে। এবার ভূত তাড়াতে অভিযান চলবে।

পুলিশ বলছে, তাদের সর্বশেষ তালিকা অনুযায়ী জেলায় ৬০০ মাদক ব্যবসায়ী ছিলেন। যাঁরা এখনো আত্মসমর্পণ করেননি, তাঁদের ২ মার্চ পর্যন্ত নতুন সময় দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. তরিকুল ইসলাম বলেন, ২ মার্চের মধ্যে যাঁরা আত্মসমর্পণ করবেন না, তাঁদের আর কোনো ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।