মাদক ব্যবসা থেকে জঙ্গিবাদে সামিয়ুন: ডিবি
মাদক গ্রহণ ও এর ব্যবসায় সংশ্লিষ্টতার অভিযোগে এক বছরেরও বেশি সময় যুক্তরাজ্যের কারাগারে ছিলেন সামিয়ুন রহমান। দুই বছর আগে কারাগার থেকে বেরিয়ে তিনি জড়িয়ে পড়েন জঙ্গিবাদে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এই দাবি করেছে। মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত রোববার বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক সামিয়ুন রহমানকে গ্রেপ্তার করে ডিবি। তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে গতকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবির কর্মকর্তারা দাবি করেন, সামিয়ুন জানিয়েছেন, যুক্তরাজ্যে উচ্চমাধ্যমিক পর্যায় শেষ করার পর চার-পাঁচ বছর মাদকাসক্ত ছিলেন তিনি। এ সময় মাদক ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েন তিনি। এ জন্য এক বছরের বেশি সময় যুক্তরাজ্যের কারাগারে ছিলেন।
ডিবি কর্মকর্তারা জানান, গত দুই বছরের মধ্যে প্রায় দেড় বছরই লন্ডনে বাড়ির বাইরে ছিলেন বলে সামিয়ুন তাঁদের জানিয়েছেন। এ সময়ে তিনি বাংলাদেশ, সিরিয়া, মৌরিতানিয়াসহ বিভিন্ন দেশে গেছেন। বাংলাদেশে তিনি আইএসের জন্য কর্মী সংগ্রহে এসেছিলেন বলে দাবি ডিবির।
লন্ডনে তাঁর প্রতিবেশীরা বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানান, সর্বশেষ গত রমজানের সময় তাঁকে লন্ডনের বাসায় দেখা যায়। প্রতিবেশীরা তাঁর স্বজনদের কাছ থেকে শুনেছেন, যুক্তরাজ্যে কারাবন্দী থাকার সময়ই তিনি কোনো জঙ্গির সংস্পর্শে আসেন।
ডিবির অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, সামিয়ুনের সঙ্গে আরও কিছু বিষয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। গত ২৭ আগস্ট তিনি সিলেট থেকে ঢাকায় আসেন। ওই দিন সন্ধ্যায় রাজাবাজারে খুন হন টিভি চ্যানেলের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকি। ২৭ আগস্ট রাতে রাজাবাজারের কাছেই ছিল সামিয়ুনের অবস্থান। বিষয়টি কাকতালীয় হতে পারে। তবু খতিয়ে দেখছে ডিবি।