মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চৌদ্দগ্রামে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। সংঘর্ষের পর স্থানীয় লোকজন এক মাদক ব্যবসায়ীকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। গত শুক্রবার রাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি, গাংরা, বেতিয়ারা ও সাতঘরিয়া এলাকায় চোরাচালানি এবং মাদক পাচারকারী দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে আশফাকের নেতৃত্বে চোরাকারবারিদের একটি দল দুটি মোটরসাইকেলে করে ভারত থেকে ফেনসিডিল এনে পাচার করছিল। তাঁরা বক্তার বটগাছ নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চোরাকারবারিদের অপর পক্ষটি তাঁদের আটকানোর চেষ্টা করে। এ সময় মাদক বহনকারী চক্রটি এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বিজয়করা গ্রামের কামাল (৩০) ও টিপু (২৮), ভাজনকরা গ্রামের নয়ন (৩১) ও মোবারক (৩০), গাংরা গ্রামের সাকুর (২২) ও মোতালেব (৩৫) গুলিবিদ্ধ এবং বিজয়করা গ্রামের হোসেনসহ আরও তিনজন আহত হন। আহত ব্যক্তিদের ফেনী ও কুমিল্লার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ ও স্থানীয় সাতঘরিয়া সীমান্ত ফাঁড়ির বিডিআর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয় লোকজন মাদক পাচারকারী চক্রের সদস্য চিওড়ার চরপাড়া গ্রামের ফরিদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুকের গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় রাতেই বিজয়করা গ্রামের জাফর সিকদার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।