মাদক ব্যবসা নিয়ে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের দুই পক্ষের মধ্যে গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার দুই দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেনেভা ক্যাম্পের ‘কাঁচা ক্যাম্প’ ও ‘পাকা ক্যাম্প’-এর বাসিন্দাদের দুটি পক্ষের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় এক পক্ষ আরেক পক্ষের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। রাত তিনটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এর জের ধরে গতকল সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষ ইটপাটকেল নিয়ে আবার পরস্পরের মুখোমুখি হয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। একপর্যায়ে সংঘর্ষ ক্যাম্পের চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। তাঁরা পাশের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তিনটি চাকু, ছোরা ও কয়েক বস্তা ইটের টুকরা উদ্ধার করে।
অভিযান পরিচালনাকারী ওয়াহিদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, জেনেভা ক্যাম্প নামে পরিচিত আটকে পড়া পাকিস্তানিদের এই আবাসনে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, খালি জমিতে ঘর তোলা ও ফুটপাতের পাশে দোকান তোলা নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
ক্যাম্পের বাসিন্দা আবদুল মালেক পুলিশের ওই কর্মকর্তার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ক্যাম্পের প্রভাব ও আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ দু-চার দিন পরপরই নিজেরা সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, সংঘর্ষে জেনেভা ক্যাম্পের বেশ কিছু বাসিন্দা আহত হন। তাঁরা পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে গোপনে স্থানীয় হাসপাতালগুলো থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, জেনেভা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, ক্যাম্পে বেশ কয়েকটি পক্ষ রয়েছে। মাদক ব্যবসা ও ফুটপাতের দোকান তোলার নিয়ন্ত্রণ নিয়ে এই পক্ষগুলো নিজেরা মাঝেমধ্যেই সংঘর্ষে লিপ্ত হয়। এই মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেন রাজনৈতিক নেতারা। এ ঘটনায় কোনো মামলা হয়নি কিংবা কাউকে আটক করা হয়নি।