মাদক ব্যবসা নিয়ে তরুণ ও জমির বিরোধে মাতবর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা সামছুল আলম নামের এক মাতবরকে পিটিয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে কেরানীগঞ্জের চড়াইল এলাকায় মো. মানিক নামের এক তরুণকে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করেছে।
ফতুল্লার নূরবাগ এলাকায় গতকাল সকালে নিহত হন সামছুল আলম (৬০)। তাঁর স্বজনদের অভিযোগ, স্থানীয় আবদুল হক ওরফে হক্কার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তাঁদের মামলা না করার জন্য সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে।
এলাকাবাসী জানান, আবদুল হক পাগলা এলাকার আলোচিত সন্ত্রাসী মেছের ও তোফাজ্জলের ছোট ভাই। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমানের ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সামছুল এলাকার মাতবর ছিলেন। বাড়ির জমির সীমানা নিয়ে সামছুল ও আবদুল হকের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকালে হকের নেতৃত্বে বাচ্চু, দেলু, তৈয়ব আলীসহ একদল সন্ত্রাসী সামছুল আলমকে পিটিয়ে আহত করে চলে যায়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী রুনু বেগম অভিযোগ করেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর স্বামীকে প্রকাশ্যে হক্কার নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা মামলা না করার জন্য তাঁদের হুমকি দিচ্ছে।
সামছুল আলমকে পিটিয়ে হত্যার ব্যাপারে আবদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পেটানোর কারণে হূদেরাগে আক্রান্ত হয়ে সামছুল আলম মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীরা কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকার হাবিব কলোনির বাসিন্দা মো. মানিককে (২৮) কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে কেরানীগঞ্জ থানার চড়াইল এলাকার আশ্রাফ মিয়ার বাড়ির ছাদ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে হাবিব কলোনির মাদক ব্যবসায়ীরা মানিককে প্রলোভন দেখিয়ে চড়াইল এলাকার আশ্রাফ মিয়ার বাড়িতে নিয়ে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাঁরা তাঁকে আশ্রাফ মিয়ার বাড়ির ছাদে নিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তরুণের মাথার ডান দিকে ও বাঁ চোখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং তাঁর গলায় একটি গামছা প্যাঁচানো ছিল।
মানিকের ভগ্নিপতি মো. হোসেন দাবি করেন, মানিক মাদক ব্যবসায় জড়িত নন। তিনি ভাঙারির ব্যবসা করতেন। দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।
কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক এ কে এম সাইদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মানিকের স্ত্রী রানু বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।