
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬ মাস ধরে নিখোঁজ থাকা তরুণ মো. বাপ্পীকে তাঁর নয়জন বন্ধু মিলে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুন করেছেন। এই ঘটনায় হওয়া মামলার এক আসামি গতকাল বুধবার আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন।
ওই আসামির নাম আলাউদ্দিন (২৮)। তিনি আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের আবদুল্লাহর ছেলে। একই উপজেলার মোগড়া বাজারের মোহাম্মদ আলীর ছেলে বাপ্পী ২০১৫ সালের ২৬ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বাপ্পীর মা সাজেদা বেগম বাদী হয়ে চলতি বছরের ২৩ মার্চ আখাউড়া থানায় মামলা করেন। মামলা করার পর বাপ্পীর বন্ধু স্বপন মিয়া, ইদ্রিস মিয়া ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ভোরে পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গতকাল ওই মামলার অন্য তিন আসামি সেন্টু মিয়া, মো. ওয়াসিম ও বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পুলিশ আলাউদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতের জ্যেষ্ঠ বিচারক জৈয়ন্তি রানীর আদালতে হাজির করে। এ সময় জবানবন্দিতে আলাউদ্দিন বলেন, বাপ্পীসহ তাঁদের ১০ জনের একটি দল মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের মধ্যে মাদকের ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। পরে তাঁরা বাপ্পীকে হত্যার পরিকল্পনা করেন। সে অনুযায়ী ২০১৫ সালের ২৬ ডিসেম্বর রাতে তাঁরা তাঁদের বন্ধু স্বপনের মোগড়ার বাড়িতে নিয়ে বালিশচাপা দিয়ে বাপ্পীকে হত্যা করেন। পরে মোগড়া বাজারের পেছনে কবরস্থানে নিয়ে পুরোনো একটি কবরে তাঁকে মাটিচাপা দিয়ে রাখেন।
আদালতে দেওয়া আলাউদ্দিনের জবানবন্দি অনুযায়ী গতকাল সকালে নির্বাহী হাকিম জেসমিন আক্তারের উপস্থিতিতে মাটি খুঁড়ে ওই কবরে বাপ্পীর লাশ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, আলামত নষ্ট করতে আসামিদের মধ্যে অন্য কেউ লাশটি অন্যত্র সরিয়ে ফেলেছে।
বাপ্পীর বাবা মোহাম্মদ আলী দাবি করেন, তাঁর ছেলে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না।
কসবা সার্কেলের এএসপি আবদুল করিম বলেন, আলাউদ্দিন আদালতের কাছে খুনের দায় স্বীকার করেছেন। আলাউদ্দিন ছাড়া অন্য ছয়জন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। এর মধ্যে গতকাল গ্রেপ্তার হওয়া তিনজনসহ আলাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।