মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে গুলি এক ব্যক্তি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুজন মাদক ব্যবসায়ীর সহযোগীদের গুলিতে আলম মিয়া নামের এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে ভারত সীমান্তবর্তী নোয়ামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ওই গ্রামের বাছির মিয়া ও জীবন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই দুই মাদক ব্যবসায়ীর মালামাল বহন করতেন পাশের হরিপুর গ্রামের আলম মিয়া। সম্প্রতি তাঁদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। গুলিবিদ্ধ আলম মিয়ার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আলম ওই দুই মাদক ব্যবসায়ীর একটি চালানের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ফাঁস করে দেন। পুলিশের কাছে চালানটি ধরা পড়ে। ওই ঘটনার জের ধরে গতকাল বিকেলে আলমকে গুলি করে বাছির ও জীবনের লোকজন। ঘটনার প্রত্যক্ষদর্শী নোয়ামুড়া গ্রামের মো. সুধন মিয়ার ভাষ্য অনুযায়ী, গুলির আওয়াজ শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, আলম মিয়ার ডান পায়ের হাঁটুর নিচ থেকে রক্ত বের হচ্ছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আনোয়ারকে উদ্ধার করে।এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, ‘গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি। তাঁকে চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’