মাদক ব্যবসা নিয়ে বিরোধে চট্টগ্রামে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা নিয়ে কোন্দলের জের ধরে চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজনের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। রামদা, কিরিচ ও রড নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় এ ঘটনা ঘটে।

পাল্টাপাল্টি ধাওয়ার সময় এক পক্ষের লোকজন আইস ফ্যাক্টরি রোড অবরোধ করে। এ সময় প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্র ও স্থানীয় লোকজন জানান, মোক্তার-রুহুল আমিন পক্ষ আইস ফ্যাক্টরি রোড এলাকায় ও ফেন্সী কামাল পক্ষ পাশের বরিশাল কলোনি এলাকায় আধিপত্য বিস্তার করে। দুই পক্ষের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। গতকাল সকালে রুহুল আমিন পক্ষের দুই যুবককে প্রতিপক্ষ ফেন্সী কামালের লোকজন তুলে নিয়ে গেছে এমন খবর ছড়িয়ে পড়লে আইস ফ্যাক্টরি রোড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, মুখোশ পরিহিত কয়েকজন লোক এসে রুহুল আমিন পক্ষের দুজনকে তুলে নিয়ে যায় বলে গুজব ছড়িয়ে পড়ে। এর জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়। একপর্যায়ে ১৫ মিনিটের জন্য রুহুল আমিন পক্ষ সড়ক অবরোধ করে।

ওসি বলেন, যারা অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করেছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। দুই পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।