মাদক ব্যবসা নিয়ে হামলা, গুলি আহত ৮
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, বালিরদিয়াড় গ্রামের মাদক বিক্রেতা আফফান আলীর কাজে বাধা দেওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মঈনউদ্দিন মোহনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্রামের লোকজন আফফান আলীকে মারধর করে। পরে আফফান তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালান। এ সময় তারা চার-পাঁচটি গুলি ও তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের ছোড়া গুলি ও বোমায় তিনজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বোমা বিস্ফোরণ ও গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। এলাকায় আধিপত্য নিয়ে উভয় পক্ষের বিরুদ্ধে আগে অভিযোগ রয়েছে। আহত ব্যক্তিদের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।