মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকার লোকজন গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে।এলাকার কয়েক শ নারী-পুরুষ বৈদ্যেরবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সোনারগাঁ প্রেসক্লাবের সামনে জড়ো হয়। পরে সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈদ্যেরবাজার ইউনিয়নের রামগঞ্জ ও সাতভাইয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা। তাঁরা অভিযোগ করেন, তপন চন্দ্র বর্মণসহ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।এলাকাবাসী জানান, গত দুই মাস আগে র্যাব সদস্যরা তপনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। আদালত থেকে জামিনে বের হয়ে আবারও সে মাদক ব্যবসা ও চাঁদাবাজি শুরু করেছে।এ ব্যাপারে তপন চন্দ্র বর্মণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও এখন ছেড়ে দিয়েছি।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, তপন মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।