মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা বন্ধ ও মাদকসেবীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার উপজেলার সফিপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের মৌচাক উত্তরপাড়া এলাকায় অবাধে মাদক ব্যবসা চলছে। তাঁরা অভিযোগ করেন, মজনু মিয়া ও তাঁর সহযোগীরা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি করছেন। মজনু মিয়াকে মাদকসহ হাতেনাতে ধরা হয়েছে। এ পথ থেকে সরে আসার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী তাঁকে ছেড়ে দেন। কিন্তু আবারও তিনি এলাকায় মাদক বিক্রি করছেন। মাদক ব্যবসা বন্ধ, ব্যবসায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল দুপুরে মৌচাক উত্তরপাড়া এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। পরে তাঁরা মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেন।
মৌচাক ইউপির চেয়ারম্যান মো. লোকমান হোসেন বলেন, স্থানীয় মৌচাক উত্তরপাড়ার বাসিন্দারা মাদক ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা দেওয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। মাদক ব্যবসায়ী মজনু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’