রংপুর নগরের পূর্ব শালবনের নবীনগর এলাকায় মাদক ব্যবসাসহ অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে গতকাল রোববার এলাকার নারী-পুরুষেরা বিক্ষোভ করেছেন। পরে তাঁরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুন্নবী ফুলু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাছনা বানুর নেতৃত্বে শালবন এলাকায় নবগঠিত একটি কমিটির পক্ষ থেকে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। গতকাল বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা সিটি করপোরেশনের মেয়রের কাছে স্মারকলিপি দেন। এরপর সেখান থেকে মিছিলটি শহরের কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করে।
সেখানে ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাছনা বানু, এলাকাবাসী তাজুল ইসলাম, আরজান মালেক, আবদুর রউফ, মাসুম মিয়া, আবদুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহরের পূর্ব শালবনের নবীনগরে (গাইবান্ধা টারী) জনৈক নারী কয়েক বছর ধরে মাদক ব্যবসা গড়ে তুলেছেন। সেই সঙ্গে তাঁর বাড়িতে নারীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এতে যুবসমাজ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ছে। এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার পুলিশ প্রশাসনকে জানানো হলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।