মুন্সিগঞ্জে মাদক ব্যবসা আবার বেড়েছে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশেরও সখ্য দেখা যাচ্ছে। গতকাল বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এই অভিযোগ করেন কমিটির সদস্যরা। তাঁরা অভিযুক্ত পুলিশ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মাদক নির্মূলের দাবি জানান। সভায় বক্তারা গত এক মাসে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সিরাজদিখানের রশুনিয়া ও শহরের কোটগাঁও-দেওভোগ খাল ভরাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং কাঠপট্টি-তালতলা-ডহরী খাল খননেরও দাবি জানিয়েছেন।সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, মুন্সিগঞ্জে মাদকের ব্যবসা বেড়েছে। এখন পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সখ্য লক্ষ করা যাচ্ছে। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনছুর আহমেদ বলেন, কিছুদিন আগে পুলিশের তৎপরতা থাকায় মাদক ব্যবসা অনেকটা কমে এসেছিল। মাদক ব্যবসা এখন আবার বেড়েছে।মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন বলেন, সদর উপজেলার মালিরপাথর লঞ্চঘাট, মুক্তারপুর, কাটাখালীসহ শহরের বেশ কটি পয়েন্টে এবং লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রায় মাদকের জমজমাট ব্যবসা চলে।সভায় কাঠপট্টি-তালতলা-ডহরী খাল খননের দাবি জানান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ। টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ আলদী বাজারের ইজারা কম মূল্যে দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন, একটি চক্র অন্য কাউকে দরপত্রে যোগ দিতে দেয় না। তাই বাধ্য হয়ে কম মূল্যে ইজারা দিতে হয়।সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘মাদকের সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে একজনের বিরুদ্ধে সামান্য অভিযোগ ওঠায় আমরা তাঁকে প্রত্যাহার করে নিয়েছি। সিরাজদিখানে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের (ধর্ষণ) অভিযোগ ওঠায় আমরা তাঁকে গ্রেপ্তার করেছি। আমরা এখন থেকে কোনো ব্যাপারেই ছাড় দেব না।’একই রকম হুঁশিয়ারি উচ্চারণ করেন সভার সভাপতি জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। এই ব্যাপারে শিগগিরই পুলিশ ও প্রশাসন মিলে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে। মিরকাদিমের খাল খননের জন্য ১০০ টন টিআর (টেস্ট রিলিফ) বরাদ্দ পাওয়া গেছে। কোটগাঁও-দেওভোগ খাল, কাঠপট্টি-তালতলা-ডহরী খাল খনন, আলদীবাজারের অতিরিক্ত টোল আদায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’