মাদক ব্যবসা রোধে কমিটি করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মাদক ব্যবসা ও সেবন নিরোধসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নিয়ে নগরের চার থানায় মাদক ব্যবসা ও সেবনবিরোধী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে গতকাল মঙ্গলবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এস এম মনির-উজ-জামান, রাজশাহী কলেজের অধ্যক্ষ আলী রেজা মুহম্মদ আবদুল মজিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সুজিত সরকার ও রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার। বক্তৃতা করেন আইনজীবী ইনতাজুল হক, সাংবাদিক ফজলুল হক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, তিনি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের বাথরুম ও ছাদে ফেনসিডিলের পরিত্যক্ত বোতল দেখেছেন। এটা শিক্ষানগর রাজশাহীর জন্য অত্যন্ত আশঙ্কার বিষয়। তিনি বলেন, মাদক সপ্তাহ ঘোষণা করে মাদক নির্মূল করা সম্ভব না। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংসদ ফজলে হোসেন নগরের চার থানায় চারটি কমিটি গঠন করার প্রস্তাব করে বলেন, এই কমিটিতে সংশ্লিষ্ট থানার বিশিষ্ট নাগরিক ও পুলিশকে অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া প্রতিটি এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, ‘দেশে মাদকাসক্ত ব্যক্তিদের ৮০ শতাংশ কিশোর। ফলে আমরা আগামী দিনে একটি খোঁড়া প্রজন্ম পেতে যাচ্ছি।’ পুলিশকে উদ্দেশ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক বলেন, কোথাও দুই হাজার বোতল ফেনসিডিল ধরা পড়লে ২০০ বোতল জমা দিয়ে আসামিকে চালান দেওয়া হয়।সমাজসেবী শাহীন আকতার মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মাদককে না বলার জন্য শপথবাক্য পাঠ করান।