মাদক ব্যবসার অভিযোগ
ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিক মো. শাহ আলম ভূঁইয়ার ওপর হামলাকারী আওয়ামী লীগের নেতা মো. নাজিম উল্লাহ মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পাওয়া গেছে। নাজিম উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক।
এলাকার অনেকে জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকায় সড়ক বিভাগের জমি দখল করে ওই নেতা ব্যক্তিগত কার্যালয় স্থাপন করেছেন। ওই কার্যালয়ের চারপাশে নৌকা এঁকে তিনি নানা রকম স্লোগান লিখে রেখেছেন। ওই কার্যালয়ের ভেতরে রয়েছে স্থানীয় সাংসদ আবদুস সালামের ছবি। এখানে বসেই নাজিম গোটা উপজেলায় ইয়াবা সরবরাহ করেন। ওই নেতা নিজেও ইয়াবা সেবন করেন বলে একাধিক বাসিন্দা জানান। সম্প্রতি সংগ্রহ করা একটি ভিডিও ফুটেজে নাজিমকে মাদক সেবন করতে দেখা গেছে।
এ বিষয়ে কথা বলতে নাজিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। একজন মাদক ব্যবসায়ীকে দলে ঠাঁই দেওয়ার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, দল এ বিষয়ে জানে না। নাজিম যদি কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তাহলে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘ওই নেতাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’