মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের গুঁড়িপাড়া এলাকায় মাদক ব্যবসার আধিপত্য দিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহেন শাহ (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনার পর গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহেন শাহকে। পরে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। শাহেন শাহ গুঁড়িপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। এ ঘটনায় শাহেন শাহর লোকজনের হামলায় হামলাকারী রাসেল (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনসুর আলীর ভাতিজা আবদুল মোমেনের সঙ্গে একই এলাকায় নির্বাচনে মনসুরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রজব আলীর ছোট ভাই শাহেন শাহর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত রাসিক নির্বাচনে রজব আলী কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিলে তাঁদের মধ্যে বিরোধ বাড়ে। নির্বাচনের পর থেকে মোমেন একাই এলাকার মাদক ব্যবসার আধিপত্য নেওয়ার চেষ্টা চালান। এর জের ধরে গত মঙ্গলবার সকালে মোমেন ও শাহেন শাহর মধ্যে বাগিবতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরই মোমেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল শাহেন শাহকে মারার জন্য রজব আলীর চেম্বারে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় সেখানে অবস্থানরত শাহেন শাহর দুই সহযোগী রবিউল ইসলাম ও নিজাম উদ্দিনকে তারা ধারালো অস্ত্র কুপিয়ে জখম করে চলে যায়। এর আধা ঘণ্টা পর শাহেন শাহ লোকজন নিয়ে মনসুর আলীর চেম্বারে গিয়ে ভাঙচুর করে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন আহত হয়। ওই ঘটনার জের ধরে গতকালের হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শাহেন শাহ ও তাঁর বড় ভাই ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী মোটরসাইকেলে করে গুঁড়িপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। তাঁরা গুঁড়িপাড়া স্পোর্টিং ক্লাবের সামনে পৌঁছালে প্রতিপক্ষ মোমেনের নেতৃত্বে রাসেল, চাঁদ, মহাসিনসহ ৮-১০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শাহেন শাহ জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই শাহেন শাহ মারা যান। নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, উভয় পক্ষ এলাকার সন্ত্রাসী। দুই পক্ষই এলাকায় আধিপত্য বিস্তার করতে চায়। শাহেন শাহর নামে রাজপাড়া থানায় ৮-১০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। হঠাৎ আজ (গতকাল) এলাকায় ঢুকে রাসেল নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। রাসেলও শাহেন শাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে আহত শাহেন শাহ পরে রামেক হাসপাতালে মারা যান। তিনি বলেন, এ খুনের ঘটনায় মাদক ব্যবসার সংশ্লিষ্টতা খুঁজে পাননি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে শাহেন শাহর স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছে।