মাদক ব্যবসার আধিপত্য নিয়ে হামলা, নিহত ১
চৌদ্দগ্রামে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলায় মহিন আহমঞ্চদ (২৬) নামের একজন মাদক ব্যবসায়ী নিহত এবং মকবুল আহমঞ্চদ (৩০) ও হেলাল (২৫) নামের তাঁর দুজন সহযোগী আহত হয়েছেন। গত শনিবার মধ্যরাতে উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাতে ওই গ্রামের আবদুস ছমদের ছেলে মহিন তাঁর সহযোগী একই গ্রামের কাজী এনাম আলীর ছেলে মকবুল আহমঞ্চদ, ট্রাকচালক বেলালসহ বেশ কয়েকজন একটি পোলট্রি ফার্মে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত আনুমানিক দেড়টায় ঝড়বৃষ্টি শুরু হলে মহিন তাঁর সঙ্গীদের নিয়ে ফার্মের চারপাশে পর্দা বাঁধতে শুরু করেন। এ সময় মুখোশ পরা ১০-১৫ জনের একটি দল রামদা, কিরিচ দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ফার্মের মালিক মাদক ব্যবসায়ী মহিনকে বুকে ও পিঠে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ সময় হামলাকারীরা মহিনের সঙ্গী মকবুল ও হেলালকে কুপিয়ে জখম করে। আহত মকবুলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হেলালকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ মহিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে মহিনের ভাই ইলিয়াছ হোসেন বাদী হয়ে মাদক ব্যবসায়ী সজিব, ইউসুফ, লিটন, মোস্তফা ও মোহনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক বলে জানা গেছে। সরেজমিনে জানা গেছে, মহিন একজন মাদক ব্যবসায়ী। এক মাস আগে মহিন তাঁর সহযোগীদের নিয়ে ইউসুফ ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালান। এতে ইউসুফসহ তাঁর দলের আরও তিনজন গুরুতর আহত হন। গত দু-তিন আগে ইউসুফ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।