প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে মাদক ব্যবসার দায়ে বাবুল নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মকিমা বেগম এই আদেশ দেন। বাবুলের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ভজনপুর সেতুসংলগ্ন এলাকায় বাবুল গাঁজা বিক্রি করছিলেন। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ তাঁকে কয়েক পুরিয়া গাঁজাসহ আটক করে। রাতেই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে ওই দণ্ড দেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবুলকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি