মাদক ব্যবসার দায়ে চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদক ব্যবসার দায়ে কথিত দুই সাংবাদিকসহ চার যুবককে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী সরকার এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মো. সুলতান (৩৭), রাব্বি হাসান (২৫), খোকন সরকার (২২) ও নাদের হোসেন (২৫)। তাঁদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুলতান ও রাব্বি নিজেদের দৈনিক দেশকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক বলে পরিচয় দেন। তাঁরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বায়রা বাজারের একটি ভবনে অভিযান চালান। সেখানে ৫০টি ইয়াবা বড়িসহ ওই চারজনকে আটক করা হয়। বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকতার পরিচয়ের আড়ালে সুলতান ও রাব্বি মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁদের কাছ থেকে ওই পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে। আদালতের রায়ের পর তাঁদের চারজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।