মাদক ব্যবসার দায়ে দুজনের কারাদণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক ব্যবসার দায়ে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নোটুচর গ্রামের হেলাল উদ্দিন (৩০) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চরশর্শা গ্রামের রওশন আরা বেগম (৪৫)।গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার অধিদপ্তর ও কালিয়াকৈর থানার পুলিশের একটি দল উপজেলার ভাতারিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিম বিনতে জেবীন শেখ তাঁদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।