মাদক ব্যবসার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামে মাদক ব্যবসার দায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই আদেশে আসামিদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান গতকাল বুধবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন: সালাহউদ্দিন মাঝি, কামাল উদ্দিন, আবুল হোসেন, হেলাল উদ্দিন ও বেলাল উদ্দিন। ২০০৭ সালের ২৭ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ক্রেতা সেজে নগরের সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের ১০৪ নম্বর কক্ষে যান। তাঁরা কক্ষের খাটের ওপর ৭০০ গ্রাম হেরোইন পান। আদালত সূত্র জানায়, মাদক উদ্ধারের ঘটনায় মাদক অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা নগরের ডবলমুরিং থানায় একটি মামলা করেন। ২০০৯ সালের ২৫ আগস্ট আদালতে এই মামলায় পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।