মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত শনিবার রাতে মো. ফয়সাল (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
ফয়সাল টঙ্গীর এরশাদ নগর এলাকার ওয়াজউদ্দিনের ছেলে৷ এ ঘটনায় গতকাল রোববার নিহত যুবকের মা ফজিলা বেগম সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪-১৫ জনের নামে মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টঙ্গীর এরশাদ নগর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিল্লাল হোসেন গ্রুপ ও কাজল মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল৷ বিল্লাল এলাকায় একচেটিয়া ইয়াবার ব্যবসা করে আসছেন৷ ইয়াবা ব্যবসার কারণে এই গ্রুপ এলাকায় ‘বাবা’ গ্রুপ নামেও পরিচিত৷ অপর দিকে কাজলও এলাকায় ইয়াবার ব্যবসা শুরু করলে উভয় গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত হয়৷
বিল্লাল গ্রুপের দাপটে কাজল গ্রুপ এলাকায় টিকতে না পেরে কাজল ও তাঁর সহযোগীরা এরশাদ নগরের বাইরে অবস্থান নিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। এ সময়ে শনিবার সন্ধ্যায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত সাড়ে আটটটার দিকে বিল্লাল গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হয়ে কাজল গ্রুপের সদস্যদের ধাওয়া দেয়৷ ধাওয়া খেয়ে কাজল গ্রুপের ফায়সাল একটি ড্রেনে পড়ে যান।
এ সময় তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়৷ পরে লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য বিল্লাল হোসেন ও কাজল মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি৷ তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়৷
এ ব্যাপারে জানতে চাইলে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷