মাদক ব্যবসার প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নীলগ্রাম এলাকায় গত মঙ্গলবার রাতে আবদুল মালেক (৩০) নামের এক ব্যক্তিকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় তাঁর স্ত্রী, দুই ভাই ও ভাবি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।পরিবারের সদস্যদের অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ করার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। আবদুল মালেক নীলগ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। তিনি রিকশা ও রিকশাভ্যান মেরামতের কাজ করতেন। আহত ব্যক্তিরা হলেন মালেকের স্ত্রী সেলিনা আক্তার (২৫), মেজো ভাই সায়েদ আলী (৩৫), বড় ভাই কাউসার উদ্দিন (৪০) ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০)। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নীলগ্রামের আজাহার উদ্দিন (৪৫) ও তাঁর কয়েকজন সহযোগী এলাকায় ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করে আসছেন। এসব মাদকদ্রব্য প্রতিবেশী মালেকের বাড়ির চারপাশে লুকিয়ে রাখতেন মাদক ব্যবসায়ীরা। এরপর সেগুলো এলাকাসহ বিভিন্ন স্থানে মাদকসেবনকারীদের কাছে বিক্রি করতেন। এর প্রতিবাদ করায় আজাহার মালেকের ওপর ক্ষুব্ধ ছিলেন। এ কারণে প্রায় দুই বছর আগে আজাহার মালেকের ওপর হামলা চালালে মারাত্মক আহত হন। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় আজাহারকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। এর পর থেকেই আজাহার মামলাটি আপস করার জন্য বিভিন্ন সময় চাপ দিয়ে আসছিলেন। কিন্তু আবদুল মালেক ও তাঁর স্ত্রী সেলিনা বেগম আপস করতে রাজি হননি। এসব ঘটনার জের ধরে মঙ্গলবার রাত একটার দিকে আজাহার ১০-১২ জন সহযোগী নিয়ে মালেকের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় আজাহার মালেককে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁর স্ত্রী সেলিনা বেগম, দুই ভাই কাউসার ও সায়েদ এবং ভাবি ইয়াসমিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশী ও স্বজনেরা মালেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানিকগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।উথলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই মালেকের মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহূত একটি রক্তমাখা দা উদ্ধার করেছে। শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজাহারের ভাই ওয়াহাব মুন্সী, প্রতিবেশী ছোরহাব মুন্সী, মজিবর ও খোকন নামের চারজনকে আটক করা হয়েছে। মালেকের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, আজাহারের বিরুদ্ধে আগেও তিনটি মাদক ব্যবসাসহ পাঁচটির বেশি মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।