মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার যমুনাপাড়ের রাকশা বাজার ও এর আশপাশের এলাকায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা ও মাদক সেবন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী দুদিন ধরে মাদকবিরোধী বিক্ষোভ করছেন।
সরেজমিনে জানা যায়, রাকশা বাজারের অবস্থান বেড়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে যমুনাপাড়ের নিভৃত এলাকায়। এই বাজারের আশপাশে রয়েছে রাকশা, নেওলাইপাড়া, নতুন ভারেঙ্গা, সোনাপদ্মা, সাফুল্ল্যাপাড়া, বকচরসহ ১২ থেকে ১৫টি গ্রাম।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সোনাপদ্মা গ্রামের রানা ও আবদুস সালাম, নতুন ভারেঙ্গা গ্রামের আতোয়ার আলীসহ পাঁচ-ছয়জন নিজ বাড়িসহ এলাকায় প্রকাশ্যে মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করছেন। আগে তাঁরা কিছুটা গোপনে এ ব্যবসা চালালেও মাস তিনেক হলো প্রকাশ্যেই সব করছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে এখানে আসে। বিকেল থেকে এদের আনাগোনা বাড়ে। প্রতিদিন বিকেলে এখানে মাদকসেবীদের অর্ধশতাধিক মোটরসাইকেল ও সাত-আটটি মাইক্রোবাস এসে ভেড়ে। এদের অত্যাচারে নারী, শিশুসহ সাধারণ মানুষের পথচলাই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নারী ও ছাত্রীরা প্রায়ই এদের দ্বারা উত্ত্যক্ত হয়।
মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী গত বুধ ও গতকাল বৃহস্পতিবার মাদক ব্যবসা ও এর ব্যবহার বন্ধের দাবিতে মিছিল করেছেন। বুধবার বিকেলে মিছিলের একপর্যায়ে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রানা, আবদুস সালাম, আতোয়ার আলীসহ পাঁচ-ছয়জনকে মারধর করেন এলাকাবাসী। এরপর গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাকশা বাজার এলাকা থেকে মাদকবিরোধী বিশাল মিছিল বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মো. আলাউদ্দিন, বকুল আহম্মেদ, গোলাম মোস্তফা, আমিরুল ইসলাম প্রমুখ।
সোনাপদ্মা গ্রামের আবদুর রাজ্জাক, নেওলাইপাড়া গ্রামের নজরুল ইসলাম, রাকশা গ্রামের শাহজাহান আলীসহ ১৪ থেকে ১৫ জন এলাকাবাসী বলেন, পাঁচ-ছয়জন মাদক ব্যবসায়ীর কারণে এলাকায় মানসম্মান নিয়ে বাস করাই কঠিন হয়ে গেছে। এ বিষয়ে আগেও পুলিশকে জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি।
নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এখানে যেভাবে মাদকের বিস্তার ঘটছে, তা আমার ও এ ইউনিয়নের জন্য লজ্জার। আমি চাই যেকোনো মূল্যে এ এলাকা মাদকমুক্ত হোক।’
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এক মাসে ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আর ওই এলাকার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। তার পরেও ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হবে।’