মুন্সিগঞ্জে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির গতকাল বুধবারের সভায় মাদক ব্যবসার মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বক্তারা।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা ‘মুন্সিগঞ্জে মাদক নির্মূলের প্রতিশ্রুতি, হোতারা ধরাছোঁয়ার বাইরে’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রশংসা করেন। এ ছাড়া সভায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, গ্যাসের সংকট, জঙ্গি তৎপরতা, যানজটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জামাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে প্রথম আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল সংবাদটি প্রকাশের জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান।জামাল হোসেন মাদক ব্যবসার মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, গ্যাসের সংকটের কারণে মুন্সিগঞ্জ শহরের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। তাই গ্যাসের ব্যাপারে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। মাদকের ব্যাপারে সবাইকে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান।জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুল হক ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ।