মাদক ব্যবসায় দ্বন্দ্বের জের ধরে ফতুল্লায় তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মো. রিপন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার ফতুল্লার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন পুলিশ সোনারগাঁ উপজেলার দলরদী এলাকা থেকে অপর এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে।
ফতুল্লায় খুন হওয়া রিপন কাশীপুর বাংলাবাজার এলাকার মৃত আবদুর রবের ছেলে। রিপনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশীপুর বাংলাবাজার এলাকার দোলন, মালেক, সুজন, সেলিমসহ কয়েকজনের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল রিপনের। ওই বিরোধের জের ধরে গতকাল দুপুরে প্রতিপক্ষের লোকজন তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যায় বাংলাবাজার এলাকার কোয়ালিটি ডায়িং নামের একটি কারখানার সামনে। সেখানে তারা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ সেখানে এসে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মারা যাওয়ার আগে রিপন কয়েকজনের নাম বলে গেছেন। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করা যাচ্ছে না।
সোনারগাঁ থানার এসআই আবুল বাশার জানান, গতকাল সকাল সাতটার দিকে উপজেলার বারদী ইউনিয়নের দলরদী গ্রামের সাকিল মিয়ার বাড়ির পাশের ধনচেখেতে এক তরুণের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর পাঠায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ওই তরুণের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাঁর পরনে কালো রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল। ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।