মাদক ব্যবসায় বাধা চাচাতো ভাইকে হত্যা?
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সাহেব আলী (৩০) নামে এক তরুণ নিহত ও তাঁর বড় ভাই রাসেল আলী (৩৪) আহত হয়েছেন।
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গতকাল শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
সাহেব আলীর বাবা আবদুর রাজ্জাক অভিযোগ করেন, তাঁর ভাই আলম হোসেনের ছেলে ডালিম হোসেন মাদকের ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর (আবদুর রাজ্জাকের) বড় ছেলে রাসেল আলী চাচাতো ভাই ডালিম হোসেনকে মাদক ব্যবসা করতে বাধা দিলে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে ডালিম রাসেলকে বেদম পিটুনি দেন। খবর পেয়ে সাহেব আলী সেখানে গেলে ডালিম তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় লোকজন সাহেব আলীকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বেলা ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন। রাসেল দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) আবু জাহের ভূঁইয়া জানান, সাহেব আলীর বুক ও কোমরে চারটি বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে।