মাদক ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় স্বামী ও তাঁর সহযোগীরা হাসিনা বেগমকে (৩৫) নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামীর নির্যাতন থেকে বাঁচতে হাসিনা বেগম তাঁর বড় বোনের বাসায় আশ্রয় নিয়েছেন। হাসিনা বেগম তাঁর স্বামী এমাজ উদ্দিনের (৪২) বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।হাসিনা বেগম প্রথম আলোকে জানান, তাঁদের বাড়ি উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামে। তাঁর স্বামী কৃষিকাজ করতেন। বছর চারেক আগে রামচন্দ্রপুর গ্রামের দুই ফেনসিডিল ব্যবসায়ীর সঙ্গে তাঁর স্বামীর পরিচয় ও তাদের প্ররোচনায় ফেনসিডিল ব্যবসায় জড়িয়ে পড়েন। এক বছর আগে থেকে এমাজ উদ্দিন তাঁকে ঢাকায় ফেনসিডিল নিয়ে যেতে বলেন। হাসিনা বেগম এতে রাজি না হলে একপর্যায়ে তাঁকে নির্যাতন শুরু করেন। স্বামীর নির্যাতনের একপর্যায়ে ছয় মাস আগে কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের তাঁর বড় বোন বছিরন বেওয়ার বাসায় আশ্রয় নেন হাসিনা। কিছু দিন আগে স্বামী এমাজ উদ্দিন এবং তাঁর দুই সহযোগী আশরাফুল ও এরশাদুল তাঁর বোনের বাসায় গিয়ে হাসিনাকে ফেনসিডিল ঢাকায় নিয়ে যেতে বলেন। হাসিনা রাজি না হলে তাঁরা তাঁকে মারধর করেন। এ বিষয়ে কথা বলার জন্য বৃহস্পতিবার দুপুরে এমাজ উদ্দিন, আশরাফুল ও এরশাদুলের বাসায় গিয়ে তাঁদের পাওয়া যায়নি। এমাজ উদ্দিনের বাসা তালাবদ্ধ ছিল। আশরাফুল ও এরশাদুল বাড়িতে ছিলেন না। তাঁদের বোন আরজানা বেগম (২৩) জানান, তাঁর ভাই ফেনসিডিল ব্যবসায়ের সঙ্গে জড়িত নন। বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁদের আটক করার জন্য অভিযান চলছে।