মাদক ব্যবসায়ী আলাউদ্দিনের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দক্ষিণ কাইচ্ছুটি গ্রামে র্যাবের মাদক উদ্ধার অভিযানের পর নিখোঁজ হওয়া অভিযুক্ত মাদক ব্যবসায়ী আলাউদ্দিনের সন্ধান গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া যায়নি।এ দিকে সরকারি কাজে বাধা দেওয়া এবং র্যাব সদস্যকে খুন করার উদ্দেশে আক্রমণ করার অভিযোগ এনে র্যাব-১০-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. হারুন অর রশিদ বুধবার রাতে আলাউদ্দিনসহ চারজনের নাম এবং অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেছেন। এ ঘটনায় ভয় পেয়ে দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের অনেক পুরুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন।গতকাল দক্ষিণ কাইচ্ছুটি গ্রামে আলাউদ্দিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, আলাউদ্দিনের মা নুরুননেছা বেগম ও বোন হাসিনা আক্তার শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। সাংবাদিকদের কাছে আহাজারি করে তাঁরা বলেন, ‘আমাদের একটাই দাবি, আলাউদ্দিন হত্যার বিচার চাই না। শুধু তাঁর লাশ ফেরত চাই।’মঙ্গলবার রাতের ঘটনা সম্পর্কে হাসিনা আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর ভাই আলাউদ্দিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। তিনি ঢাকার তুরাগ পরিবহনের বাস চালাতেন। এক মাস আগে তিনি দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের বাড়িতে আসেন।হাসিনা বলেন, ‘মঙ্গলবার রাতে ফেনীর স্বপন নামের এক ব্যক্তি সাদা পোশাকের কয়েকজন র্যাব সদস্যকে মেহমান হিসেবে আমাদের ঘরে নিয়ে আসেন। কিছুক্ষণ পর স্বপন আলাউদ্দিনকে ঘর থেকে বাইরে ডেকে নেন। এরপর র্যাব সদস্যরা আলাউদ্দিনকে জাপটে ধরেন। এ সময় আমি, মা ও চাচি মায়া বেগম আলাউদ্দিনকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে র্যাব সদস্যরা আমাদের লাঞ্ছিত করেন এবং আমাদের চোখের সামনে আলাউদ্দিনকে গুলি করে তাঁর লাশ নিয়ে যান।’তবে এলাকাবাসী জানান, আলাউদ্দিনের বড় ভাই নুরন্নবী দেড় বছর আগে স্টার লাইন পরিবহনের বাস চালাতেন। পরে তিনি ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। একসময় আলাউদ্দিনও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।আলাউদ্দিনকে হত্যা ও লাশ নিয়ে যাওয়া প্রসঙ্গে র্যাব কুমিল্লা-১১-র অধিনায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘এ ঘটনা আমরা ঘটাইনি। ঢাকার র্যাব-১০-এর ক্যাপ্টেন মামুনের নেতৃত্বে একটি দলের চৌদ্দগ্রামে যাওয়ার বিষয়টি শুধু আমাদের জানানো হয়েছিল। আলাউদ্দিনের মৃত্যু বা তাঁর লাশ নেওয়া সম্পর্কে আমরা কিছু জানি না।’