চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি রেলবিট এলাকায় মাদক বিক্রিকে কেন্দ্র করে সংঘটিত খুনের ঘটনায় পুলিশ গতকাল বুধবার মো. আলমগীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেছে। এ সময় পুলিশ রেলবিট এবং আশপাশের এলাকা থেকে ‘মাদকের আখড়া’ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।এর আগে ওই খুনের ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের নাম রীনা আক্তার ওরফে খুশি, মো. বেলাল ও শাহ আলম। মাদক বিক্রির খবর পুলিশের কাছে পৌঁছে দেওয়ায় ৩ ডিসেম্বর এসআরবি রেলবিট এলাকায় মাদক ব্যবসায়ীরা জামাল হোসেন নামের পুলিশের এক সোর্সকে খুন করেন। এ সময় তাঁরা জামালের মা জাহানারা বেগমকেও বেধড়ক পেটান। আহত জাহানারাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলে জামালের মৃত্যুর কথা শুনে হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান জাহানারা। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা দায়ের করে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চার ব্যক্তিই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি ওই মাদকের আখড়া থেকে ২০০ গ্রাম ও ২৫০ গ্রাম হেরোইনের দুটি চালান আটক করি। এ ঘটনায় মাদক ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে জামালকে খুন করে। এর পর থেকে চার দিন ধরে মাদারবাড়ি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে।’ মাদক ব্যবসায়ীরা উৎখাত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।