মাদক ব্যবসায়ী চম্পা গ্রেপ্তার
এর আগে গত দুই বছরে তিনবার গ্রেপ্তার হয়েছিলেন রাজধানীর অন্যতম নারী মাদক ব্যবসায়ী সামসুন্নাহার চম্পা (৪৫)। গত মঙ্গলবার রাতে তাঁকে আবারও গ্রেপ্তার করেছে র্যাব। সবুজবাগের ওহাব কলোনির বাসা থেকে হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩-এর একটি দল।র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও ইকবাল শফীর নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করে। অভিযান দলের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাত আটটার দিকে সামসুন্নাহারকে ৪৬ ওহাব কলোনির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ঘর থেকে ৯৫ পুরিয়া হেরোইন, ৩৪০ পুরিয়া গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।কর্মকর্তারা জানান, ঢাকার অন্যতম নারী মাদক ব্যবসায়ী মাফিয়া চুন্নির সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন সামসুন্নাহার। সম্প্রতি চুন্নির সঙ্গে বিবাদের পর তিনি পৃথক হয়ে নিজেই ব্যবসা শুরু করেন। সামসুন্নাহার এর আগেও তিনবার গ্রেপ্তার হয়েছিলেন। তবে তাঁকে বেশি দিন আটকে রাখা যায়নি। কয়েক দিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসেছেন। তাঁর বিরুদ্ধে শুধু সবুজবাগ থানাতেই সাতটি মাদকের মামলা রয়েছে বলে এ পর্যন্ত জানা গেছে।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় এক যুগের মধ্যে এ পর্যন্ত ১২ বারের বেশি গ্রেপ্তার হয়েছেন সামসুন্নাহার।