মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে ছয় পুলিশ সদস্য আহত
হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে চা-শ্রমিকদের হামলায় আহত হয়েছেন মাধবপুর থানার ছয় পুলিশ সদস্য। গত মঙ্গলবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বৈকণ্ঠপুর চা-বাগানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বৈকণ্ঠপুর চা-বাগানের কর্মকর্তা ও শ্রমিক এবং পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টায় মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাগানের শ্রমিক সমরা চৌহানের ছেলে বাবুল চৌহান ও নবীন চৌহানের ছেলে নিরঞ্জন চৌহানকে গাঁজা ব্যবসায়ী সন্দেহে আটক করে এবং তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোনসেট জব্দ করে। খবর পেয়ে বাগানের শ্রমিকেরা পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ আটক ব্যক্তিদের ছেড়ে দেয়। এ সময় চা-শ্রমিকেরা মোবাইল ফোনসেটগুলো ফেরত চাইলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। শ্রমিকেরা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে মাধবপুর থানার এএসআই সাজিদুর রহমান এবং কনস্টেবল হাসান মাসুদ, খলিল আহম্মেদ, নূরুন্নবী, সোহাগ ও আনোয়ার হোসেন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাগানে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।পুলিশ দল নিয়ে বাগানে যাওয়ার কথা স্বীকার করে এএসআই সাজিদুর বলেন, ‘আমি অসুস্থ। বাড়িতে আছি। বিষয়টি সম্পর্কে থানায় খোঁজ নেন।’ এ ব্যাপারে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদউল্লাহ বলেন, ‘নিরঞ্জন চৌহান আসলে মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’ বৈকণ্ঠপুর চা-বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে।’