মাদক ব্যবসায়ী নারীর দণ্ড
শেরপুরে মাদক ব্যবসার অভিযোগে আকলিমা খাতুন (৪২) নামে এক নারীকে এক বছর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আকলিমা শেরপুর জেলা শহরের কসবা কাচারিপাড়া এলাকার আবদুস সামাদের স্ত্রী। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মাহমুদুর রহমান মামুন এ দণ্ড দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আকলিমা মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দশটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাহমুদুর রহমান শহরের কসবা কাচারিপাড়া এলাকায় আকলিমার বাড়িতে অভিযান চালান। এ সময় আকলিমার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও নগদ এক হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আকলিমাকে দোষী সাব্যস্ত করে এক বছর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালতের নির্দেশে রাতেই তাঁকে (আকলিমা) জেলা কারাগারে পাঠানো হয়। অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুরের পরিদর্শক মো. মাসুদুর রহমান আদালতকে সহায়তা করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মেহেদী হাসান আজ রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।