মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা ও তাঁর স্ত্রীসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১-এর সদস্যরা অভিযান চালিয়ে গত বুধবার রাতে গাজীপুর সদর উপজেলার বাড়িয়ালী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী যুবলীগের এক নেতা ও তাঁর স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের ঘর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: গাজীপুর সদর উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা ও বাসন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৬) ও তাঁর স্ত্রী সালমা বেগম (২৩) এবং রাজশাহীর চারঘাট উপজেলার ইছবপুর টাঙ্গন গ্রামের কালাম সরদার (৩৭), লুৎফর রহমান (৪২) ও সুমন সরকার (২০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) ও গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বাড়িয়ালী এলাকায় আলমগীরের বাড়িতে অভিযান চালান। অভিযান চালিয়ে যুবলীগের নেতা আলমগীরের ঘর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসার অভিযোগে আলমগীর, তাঁর স্ত্রী সালমা বেগম এবং ফেনসিডিলের পাইকারি বিক্রেতা কালাম সরদার, লুৎফর রহমান ও সুমন সরকারকে গ্রেপ্তার করা হয়। সূত্র আরও জানায়, রাজশাহী এলাকার ওই তিনজন গতকাল দুপুরে আলমগীরের কাছে ১০০ বোতল ফেনসিডিল সরবরাহ করে। রাতে ওই তিনজন আলমগীরের বাড়িতে ফেনসিডিলের টাকা আনতে গিয়েছিল। গাজীপুরের বাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম মাকসুদুল আলম মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনের দলীয় পদ নিশ্চিত করেছেন।