মাদক ব্যবসায়ী যে-ই হোক না কেন, তাকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও তাঁরা যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক ব্যবসায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, তাদের একচুলও ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী সে যে-ই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।

আজ রোববার সকালে রাজধানীর আজিমপুরে এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণের সময় আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে ডিএমপি অসহায়, এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণ করে। আজ সকালে আজিমপুর গার্লস স্কুল ও কলেজ মিলনায়তনে বস্ত্র বিতরণের সময় ডিএমপির কমিশনার বলেন, ‘আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে প্রতিবছর ঈদে ও শীতে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা দিন-রাত আপনাদের নিরাপত্তায় কাজ করছি।’

এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণ করেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি: ডিএমপি
এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণ করেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি: ডিএমপি

আছাদুজ্জামান মিয়া বলেন, এবারের রমজানে গত ১৬ দিনে রাজধানীতে উল্লেখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি। অপরাধ দমনে ও মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

বস্ত্র বিতরণের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়সহ রমনা ও মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।