মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল সঙ্গীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার অভিযোগে আটক এক ব্যক্তিকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে গেছে তাঁর সঙ্গীরা। গত মঙ্গলবার সিলেটের কানাইঘাট উপজেলার চতুল ঈদগাহ বাজারে এ ঘটনা ঘটে। হামলায় কানাইঘাট থানার একজন উপপরিদর্শকসহ পুলিশের তিন সদস্য আহত হন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত আটটায় চতুল ঈদগাহ বাজারে যায়। তারা মুশাহিদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ আটক করে। ওই ব্যক্তিকে হাতকড়া পরানোর সময় ১০-১২ জন দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ মুশাহিদকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ইটের আঘাতে এসআই মাসুদ (৩৮) ও দুই পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে কানাইঘাট থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। পুলিশ ওই এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও হাতকড়াসহ পলাতক ব্যক্তি ও হামলাকারীদের আটক করতে পারেনি। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আবদুল হাই বলেন, এসআই মাসুদকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলায় পলাতক মুশাহিদসহ ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।