মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিয়ে বিপদে আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পূর্ব পাড়া এলাকার দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর আওয়ামী লীগ নেতা আমিনুল হক ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফালান মিয়া (২৮) ও মো. জনিকে (২৭) আটক করে। এ ঘটনার পর থেকে তাঁদের সহযোগীরা একাধিকবার তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই জহিরুল ইসলাম নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রোববার সন্ধ্যায় চুনকুটিয়া চৌরাস্তা থেকে স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফালান মিয়া ও মো. জনিকে পুলিশে ধরিয়ে দেন আমিনুল হক। মো. জনির নামে একাধিক মামলা থাকায় সোমবার পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়ে দেয়। এদিকে ওই দিনই ভ্রাম্যমাণ আদালত ফালানকে এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।