মাদক ব্যবসায়ীদের অত্যাচার, দুই স্কুলছাত্রীর আত্মহনন!
মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চার মাসের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্রী পিংকি ও সোনালী আত্মহননের পথ বেছে নিয়েছে। ঘটনা দুটি ঘটেছে সাতক্ষীরার ‘মাদক গ্রাম’ হিসেবে পরিচিত দেবহাটা উপজেলার বহেরায়। স্কুলছাত্রী সোনালীকে আত্মহত্যার প্ররোচনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত মঙ্গলবার প্রতিবাদ মিছিল করে। বেলা ১১টার দিকে মিছিলটি বহেরা থেকে কুলিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা সদর থেকে ১০-১২ কিলোমিটার দক্ষিণে দেবহাটা উপজেলার বহেরা গ্রাম। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সীমান্তসংলগ্ন এ গ্রামে ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে এসে মজুদ করে রাখা হয়। তারপর এখান থেকে পাচার করা হয় দেশের বিভিন্ন স্থানে। শুধু তা-ই নয়, প্রতিদিন কয়েক শ তরুণ মাদক সেবনের জন্য এ গ্রামের নির্ধারিত কয়েকটি বাড়িতে ভিড় জমায়। এসবের প্রতিবাদ করার সাহস পায় না কেউ। সাতক্ষীরা সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন মুখার্জি জানান, দেবহাটার বহেরা গ্রামটি সাতক্ষীরার ‘মাদক গ্রাম’ হিসেবে পরিচিত।আরেক স্কুলছাত্রী পিংকির পরিবার জানায়, দেবহাটার কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও বহেরা গ্রামের পিংকি আক্তারকে (১৫) একই গ্রামের মাদকাসক্ত মিলন সরদার নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। অতিষ্ঠ হয়ে গত ৬ জুন পিংকি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। ৮ জুন রাতে পিংকির মা ফিরোজা খাতুন বাদী হয়ে মিলন সরদার, তাঁর মা রোজিনা খাতুন, চাচাতো বোন ডলি সুলতানা ও বন্ধু মাসুদ হাসানকে আসামি করে আত্মহত্যার প্ররোচনা এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।সোনালীর বাবা বহেরা গ্রামের মাহবুবর রহমান জানান, স্কুলে যাওয়া-আসার পথে সোনালীকে মাদক ব্যবসায়ী নূর ইসলাম ওরফে ছোট ও তাঁর সহযোগীরা প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত ১৬ জুলাই সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে নূর ইসলাম তাঁর শ্যালিকা সালেহা খাতুনের উপস্থিতিতে সোনালীকে অনৈতিক প্রস্তাব দেন। প্রতিবাদ করায় সোনালীর শ্লীলতাহানি ঘটান নূর ইসলাম। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি মামলা করা হয়।মাহবুবর রহমান অভিযোগ করেন, ১৭ জুলাই পুলিশ নূর ইসলাম ও সালেহাকে গ্রেপ্তার করে। ১৯ জুলাই আদালত থেকে তাঁরা জামিনে ছাড়া পান। ছাড়া পেয়ে আসামিরা তাঁকে (মাহবুব) মামলা তুলে নিতে হুমকি-ধমকি দেন। মামলা তুলে না নেওয়ায় সালেহা খাতুন গত ১ আগস্ট তাঁর (মাহাবুব) বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা (বাড়িতে হামলা ও শ্লীলতাহানি) করেন। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুল হককে নির্দেশ দেন। পরে চেয়ারম্যানের নোটিশ পেয়ে ১২ সেপ্টেম্বর সকালে মাহবুব কুলিয়া ইউনিয়ন পরিষদে হাজির হন। সেখানে নূর ইসলাম, সালেহা খাতুন ও আলাউদ্দিন শেখ তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে এলাকা থেকে তাঁকে বিতাড়িত করার হুমকি দেন। নানা অপমানকর কথা বলেন। বাবার অপমান সইতে না পেরে ক্ষোভে-দুঃখে ১৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে বিষপানে আত্মহত্যা করে সোনালী। পরের দিন মাহবুব বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে একটি মামলা করেন। নূর ইসলাম ও সালেহ খাতুনকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার প্রধান আসামি আলাউদ্দিন শেখ পলাতক। দেবহাটা থানার ওসি মশিউর রহমান জানান, নূর ইসলাম ও আলাউদ্দিন শেখ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। অন্য মামলার আসামি মিলন সরদার মাদক সেবনকারী ও বিক্রেতা। এ মামলাটিও তদন্তাধীন রয়েছে।