মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকা থেকে মাদক ব্যবসা উচ্ছেদ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরে গত সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। একই দাবিতে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধনে শিক্ষার্থী, তরুণ, যুবকসহ সর্বস্তরের আট শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সমবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওমর আলী, কাউন্সিলর শহীদ হোসেন, বন্ধুসভার উপদেষ্টা নঈমূল বারি, এলাকার নেতৃস্থানীয় ওমর ফারুক, মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, কিছু দুষ্টু ও প্রভাবশালী লোকের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চলছে। মাদকসেবীরা তা অবাধে গ্রহণ করছে। এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে এলাকার তরুণদের ওপর। তাঁদের অভিযোগ, দুই-তিন বছর ধরে প্রশাসন ও পুলিশের কাছে দেনদরবার করেও এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা যায়নি। তাই বাধ্য হয়ে এলাকাবাসী আন্দোলন শুরু করেছে। জেলা প্রশাসনকে দেওয়া স্মারকলিপিতে এলাকার ১৫ জন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়। নামগুলো হচ্ছে—পান্না, পঞ্চ, প্রেমলাল, পান্টু, দুলিয়া চৌধুরানী, ভুটুয়া, জয়লাল, দোলন, হারিয়া, অর্জুন (সাদা), সুদন, সুশান্ত, সুরেশ, রঘুনাথ ও কাঞ্চনী। মাদক প্রতিরোধ কমিটির সদস্য মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘উল্লিখিত মাদক ব্যবসায়ীরা বাড়িতে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি ও সেবনের আসর বসান।’