মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করতে অভিযোগ বাক্স
মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে রংপুর নগরের ১৫টি স্থানে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।সংশ্লিষ্ট বিভাগ সূত্র জানায়, নগরের মাদক ব্যবসার এলাকা বলে চিহ্নিত বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। এসব বাক্সে লোকজন তাদের এলাকার মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের বিষয়ে অভিযোগ করছে। অভিযোগ বাক্স প্রতি সপ্তাহে এক দিন করে খোলা হয়। এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের পর অনুসন্ধান করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়।অধিদপ্তর সূত্র জানায়, এসব অভিযোগের ভিত্তিতে গত এক মাসে ১৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১০ মার্চ সন্ধ্যায় নগরের বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে ১০ গ্রাম হেরোইনসহ তিনজনকে প্রেপ্তার করা হয়।নগরের তাজহাট বাবুপাড়া এলাকার কাউন্সিলর ইদ্রিস আলী বলেন, এমন অভিযোগ বাক্স স্থাপন নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এভাবেই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক আবদুল মান্নান বলেন, অভিযোগ বাক্সে পড়া অভিযোগ যাচাই করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও অভিযান চালানো হয়।