মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে পুলিশসহ তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গত বুধবার রাত আটটার দিকে গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, ফেনসিডিলের চালান হাতবদল হচ্ছে—এ খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে যায়। মাদক ব্যবসায়ীদের কাছাকাছি যেতেই তারা অতর্কিতে গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক শাহদাত হোসেনের কোমরে ছুরিকাঘাত করে। এ সময় কনস্টেবল খায়ের সিকদার এগিয়ে গেলে তারা তাঁর মাথা ও বুকে ছুরিকাঘাত করে। এরপর মাদক ব্যবসায়ীরা গোয়েন্দা পুলিশের সোর্স শওকত সিকদারের মাথা ও বুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সে সময় পুলিশ মাদক ব্যবসায়ী মহসিন মোল্লাকে (২৩) ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। পুলিশ মহসিনের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।গোপীনাথপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাত সাড়ে নয়টার দিকে চন্দ্রদিঘলিয়া গ্রাম থেকে পলাশ মোল্লা (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে।আহত ওই তিনজনকে প্রথমে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার পুলিশ এবং সোর্স শাহদাত হোসেনের পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।