মাদক ব্যবসায়ীদের জামিন বাতিলে আইন সংশোধনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক মাদক ব্যবসায়ীরা যাতে জামিনে বেরিয়ে যেতে না পারে, সে জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি আইন থেকে মাদক ব্যবসায়ীদের জামিনের বিধান বাতিলের সুপারিশ করেছে।

গতকাল রোববার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটি কোন কোন এলাকা দিয়ে মাদক বাংলাদেশে প্রবেশ করছে এবং এই ব্যবসার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে একটি তালিকা তৈরি করে কমিটিতে জমা দেওয়ার জন্য বিজিবি, র‌্যাব, সিআইডি, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বলেছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত আগস্ট ও সেপ্টেম্বরে আট লাখ ৪৬ হাজার ২১৯টি ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। মামলা হয়েছে আট হাজারের বেশি। উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭৩টি বেশি। মামলার সংখ্যাও বেশি। মিয়ানমার থেকে আসা ইয়াবাসহ অন্যান্য মাদক নিয়ন্ত্রণে সম্প্রতি কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাঁড়ি, রেজু আমতলী, দোছড়ি, পানছড়ি, ভাল্লুখাইয়া, নিকুছড়ি ও জারুলিয়াছড়ায় নতুন সীমান্তচৌকি বসানো হয়েছে।

বিজিবি থেকে জানানো হয়, বাংলাদেশের সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া না থাকায় বিজিবির পক্ষে নিয়মিত টহল দেওয়া সম্ভব নয়। সেই সুযোগে মাদক ব্যবসায়ীরা স্থল ও নৌপথে মাদক নিয়ে অনায়াসে বাংলাদেশে ঢুকছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুন্সি বলেন, পরিসংখ্যান অনুযায়ী মাদকের বিস্তার দিন দিন বাড়ছে। পুলিশ, চিকিৎসক, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষকসহ সমাজের সব স্তরে ইয়াবা থাবা দিয়েছে। এ থেকে উদ্ধারের জন্য সমাজের সব স্তরে মাদকবিরোধী কর্মশালার আয়োজন করতে হবে।

সভাপতি আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা মাদক ব্যবসায়ীদের দফায় দফায় আটক করেও রাখতে পারছে না। বিদ্যমান আইনের কারণে তারা বারবার জামিনে বেরিয়ে যাচ্ছে। মামলা বছরের পর বছরে ঝুলে থাকছে। সে জন্য কমিটি আইনে জামিনের যে বিধান আছে, তা বাতিলের সুপারিশ করেছে এবং মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সব জেলায় একটি করে মাদক আদালত স্থাপনের সুপারিশ করেছে। অবশ্য মন্ত্রণালয় এ-সম্পর্কিত আইন সংশোধনের খসড়া তৈরি করেছে। কমিটি খসড়াটি সুপারিশের আলোকে সংশোধন করে পাসের জন্য দ্রুত সংসদে পাঠাতে বলেছে। 

বৈঠক সূত্র জানায়, বৈঠকে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সব শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সাংসদদের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার সুপারিশ করা হয়। গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে সেমিনার এবং নাট্যব্যক্তিত্বদের দিয়ে নাটক তৈরি করে তা প্রচারেরও সুপারিশ করা হয়।

বৈঠকে মাদক নিয়ন্ত্রণে কী কী করণীয়, তা নির্ধারণে গঠিত সংসদীয় উপকমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। টিপু মুন্সির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, মোজাম্মেল হোসেন, শামসুল হক, ওমর ফারুক চৌধুরী, ফখরুল ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।