মাদক ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের বোঝালেন এসপি
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার মাদকবিরোধী শোভাযাত্রা নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর বাড়িতে হাজির হন। তিনি মাদকের কুফল নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এসপি শামছুন্নাহার জেলা শহর থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কাউট দলের সমন্বয়ে গড়া শোভাযাত্রাটি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাকিলা বাজারে পৌঁছান। সেখান থেকে তিনি বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রাম, হাজীগঞ্জ পৌরসভার টোরাগড়ের চার মাদক ব্যবসায়ীর ঘরে যান। এ সময় ব্যান্ডের বাজনা এবং মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে ওই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বাড়িতে ছিলেন না।
শামছুন্নাহার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আপনার স্বামী ও সন্তানকে বুঝিয়ে বলেন, তাঁরা যেন এই জঘন্য ব্যবসা ছেড়ে দেন। মাদক বিক্রির টাকায় জোগাড় করা খাওয়ার আপনারা খাবেন না। মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক আমাদের সুন্দর সমাজ গড়ার পথে অন্তরায়। মাদকবিক্রেতা ও মাদকসেবীকে আর কোনো ছাড় দেওয়া হবে না।’