মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মতবিনিময় সভা
মাদক ব্যবসায়ীদের ফাঁসি ও সচেতনতা বৃদ্ধির সুপারিশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরে সুস্থ বিনোদন নিশ্চিত করলে দেশে মাদকের চাহিদা কমবে। মাদকদ্রব্যের চাহিদা ও ক্ষতি কমাতে করণীয় নির্ধারণে গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে অধিদপ্তরের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদকাসক্তি পুনর্বাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নিরাময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম বলেন, ‘দ্রুত বড়লোক হওয়ার আশায় অনেক ভদ্র ঘরের সন্তান এখন মাদক ব্যবসায় আসছে। মাদক ব্যবসায়ীদের যদি ফাঁসি না হয় তবে আমরা যতই চিকিৎসাকেন্দ্র বানাই, যতই প্রতিরোধের চেষ্টা করি, কোনো চেষ্টাই কাজে আসবে না।’
সভায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের সাবেক পরিচালক শামীম মতিন চৌধুরী মাদকাসক্তি নিরাময়ে প্রতিষ্ঠিত বেসরকারি ক্লিনিক সম্পর্কে তাঁর নেতিবাচক ধারণার কথা জানান। তিনি বলেন, অধিকাংশ ক্লিনিকে মাদক সরবরাহ করা হয়। রোগী ভর্তি হওয়ার পর ভালো হয় না, বরং আরও বেশি মাদকাসক্ত হয়ে ফিরে আসে। গুলশান-বনানীর মতো অভিজাত এলাকায় ‘মিড-নাইট পার্টি’র নামে ইয়াবা সেবন হয় বলে অভিযোগ করে তিনি এসব পার্টিতে নজরদারি বৃদ্ধির সুপারিশ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারপারসন ঝুনু শামসুন নাহার সব সরকারি হাসপাতালে মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্র চালুর প্রস্তাব দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের সাবেক পরিচালক অধ্যাপক নাজমুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক নিলুফার আক্তার জাহান প্রমুখ বক্তব্য দেন।