মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত
ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া জিয়ানগর এলাকায় গত শনিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নিহত মো. রনি (২৭) জিয়ানগরের জজ মিয়ার ছেলে। রনি কেরানীগঞ্জের শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী আলী হোসেনের লোক বলে এলাকার একাধিক বাসিন্দা ও পুলিশ জানিয়েছে। তবে রনির স্বজনদের দাবি, তিনি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, খোলামোড়ার জিয়ানগরের মাদক ব্যবসায়ী আলী হোসেন দীর্ঘদিন ধরে বিশাল বাহিনী নিয়ে মাদক ব্যবসা করছেন। এলাকাবাসী তাঁদের একাধিকবার বাধা দিলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। শনিবার সকালে আলীর লোকজন জিয়ানগরে দুজন সিএনজিচালিত অটোরিকশাচালকের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা চালকদের বেধম মারধর করে। এর জের ধরে সন্ধ্যায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে আলীর লোকজনকে ধাওয়া দেন। আলীর লোকজনও পাল্টা হামলা চালিয়ে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সামনে চলে যান রনি। এ সময় পেছন থেকে মাদক ব্যবসায়ীদের ছোড়া একটি বোমা রনির মাথায় বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সংঘর্ষে আহত হন স্থানীয় বাসিন্দা সাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনির হোসেন (৪০) ও তাঁর ভাই নূর হোসেন (৩০), কবির মিয়া (২২), মো. হিরু (২৫), রায়হান কবির (৩১) ও সালাম হোসেন (৩৫)। লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ রাতে রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জিয়ানগরের একাধিক বাসিন্দা জানান, আলী হোসেন এলাকায় ফেন্সি (ফেনসিডিল) আলী নামে পরিচিত। আট-দশ বছর আগে মাদক ব্যবসায়ী ইউনুস পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত হন। এর পর থেকে ইউনুসের সহযোগী আলী জিয়ানগরে মাদকের আখড়া গড়ে তোলেন। এই চক্রটি এত শক্তিশালী যে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতেও সাহস পান না। গত বছরের আগস্ট মাসে কেরানীগঞ্জ মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে পুলিশ আলী হোসেনের মাদকের আখড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। কিন্তু আলীর লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছাড়িয়ে নেন।
নিহত রনির বোনের জামাই নূর ইসলাম দাবি করেন, রনি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি জিয়ানগরের একটি স্টিলের কারখানার কর্মচারী ছিলেন। শনিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ও এলাকাবাসীর সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীদের বোমার আঘাতে রনির মৃত্যু হয়। এ ঘটনায় রনির মা রাজিয়া বেগম শনিবার রাতেই কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় মাদক ব্যবসায়ী আলী হোসেন, নূর হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
যোগাযোগ করা হলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকাবাসী মাদক ব্যবসায় বাধা দিলে মাদক ব্যবসায়ী আলী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই আলীর কর্মী রনির মৃত্যু হয়। পুলিশ আলী ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।