মাদক ব্যবসায়ীদের সঙ্গে 'সম্পর্ক' বন্ধে তাগাদা আইজিপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সম্পর্কের অভিযোগটি অনেক পুরোনো। এবার সেই ‘অবৈধ সম্পর্ক’ বন্ধে তাগাদা দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
চলতি বছর পুলিশ সপ্তাহে মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখা পুলিশের ইউনিটগুলোর প্রধানদের কাছে লেখা চিঠিতে আইজিপি এ তাগাদা দেন। প্রতিবছর পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালানের মালামাল উদ্ধার এই তিন ক্ষেত্রে সবচেয়ে ভালো করা পুলিশের ইউনিটগুলোকে পুরস্কৃত করা হয়।
২০১৬ সালে মাদকদ্রব্য উদ্ধারে ছয়টি ক্যাটাগরিতে পুলিশের ১৮টি ইউনিটকে পুরস্কৃত করা হয়। এই ইউনিটপ্রধানদের কাছে আইজিপি একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে আইজিপি বলেন, ‘কোনো পুলিশ সদস্য যাতে মাদক ব্যবহার, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে অবৈধভাবে সম্পৃক্ত হতে না পারেন, সে বিষয়ে ব্যক্তিগতভাবে কঠোর নজরদারি ও নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। যেকোনো প্রকারেই হোক, পুলিশ সদস্যদের মাদক ব্যবসায়ীদের সঙ্গে অবৈধ সম্পর্ক শতভাগ বন্ধ করতে হবে। নজরদারির পাশাপাশি সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
চিঠির শেষে আইজিপি নিজের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রত্যাশা করি, মাদক সমস্যার বহুমুখিতা ও বহুমাত্রিকতার বিষয়টি সম্যক উপলব্ধি করে আপনি ও আপনার অধীন পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠা, সততা, ঐকান্তিকতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক নির্মূলে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবেন।’
চিঠিতে আরও বলা হয়, মাদক পাচারকারী, বিনিয়োগকারী, ব্যবসায়ী, মজুতদার, বহনকারীসহ গডফাদারদের তালিকা প্রস্তুত ও নিয়মিত হালনাগাদ করে মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান আরও বৃদ্ধি করতে হবে। তরুণ ও যুবকদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে ও একযোগে কাজ করতে হবে।