মাদক ব্যবসায়ীদের হাতে আহত শ্রমিকের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়ে মো. সেলিম (৪০) নামের এক কারখানাশ্রমিকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি মারা যান। পুলিশ, এলাকাবাসী ও মৃতের আত্মীয়স্বজনের ভাষ্য অনুযায়ী, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী নাছির উদ্দিনের কাছ থেকে নোয়াবাজার এলাকার মীরু, জালাল, ছুট্টুসহ কয়েকজন মাদকের একটি চালান বিক্রি করে দেওয়ার কথা বলে নিয়ে যান। পরে এ বাবদ তাঁরা আর তাঁকে অর্থ পরিশোধ করেননি। এতে নাছির গত শুক্রবার দুপুরে মীরু ও ছুট্টুকে আটকে পাওনা পরিশোধের চাপ দেন। বিকেলে এ নিয়ে একটি সালিস বৈঠকের সিদ্ধান্ত হয়। নোয়াপাড়ার সাবেক ইউপি মেম্বার আবদুস সোবহান সালিসের আগেই আটক ওই দুজনকে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ নাছির উদ্দিন দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় আবদুস সোবহানের ভাগনে মো. সেলিম ও আবুল হাশেম নামের আরেকজন তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে হামলাকারীদের এলোপাতাড়ি কোপে আহত হন। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেলিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। গতকাল সেখানে তাঁর মৃত্যু হয়। সেলিম একজন কারখানাশ্রমিক ছিলেন। চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল্লাহ আল মাহফুজ জানান, মাদক নিয়ে বিরোধের জের ধরে সেলিমের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।