মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চার কর্মীকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গতকাল দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট আজম শাহ আলমগীরের নেতৃত্বে চার সদস্যের একটি দল মাছিমপুর গ্রামে মাদক ব্যবসায়ী সাখাওয়াত, ফারুক ও সেলিমের আস্তানায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সটকে পড়ে। পরে মাদক ব্যবসায়ীরা একজোট হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দলকে ভুয়া আখ্যায়িত করে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং তাদের এলোপাতাড়ি কোপায়। হামলায় সুপারিনটেনডেন্ট আজম শাহ আলমগীর, উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া, সিপাহি আবদুল মতিন মিয়া ও সিপাহি মো. আজাদ গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আতিকুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশের সহায়তা ছাড়াই সেখানে অভিযান চালান। ঘটনার পরপরই র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।