মাদক ব্যবসায়ীর খপ্পরে পড়ে তিন শিশু জেলে
বন্ধুর বাবার প্রলোভনে পড়ে ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছে তিন শিশু। আটক শিশুরা, তাদের পরিবার ও গ্রামবাসী বলছেন, শিশু তিনটির বন্ধুর বাবা মাহফুজুর রহমান (৩৭) এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। শিশুদের তিনি ঢাকা দেখার প্রলোভন দেখান। সে প্রলোভনে পড়েই শিশুরা ফেনসিডিলসহ আটক হয়েছে। ওদের কোনো দোষ নেই।ঘটনাটি দিনাজপুরের বিরামপুর উপজেলার দুই নম্বর কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের। আটক শিশুরা কাটলাবাজার এলাকা ও রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাদের দুজনের বয়স ১৪ ও অন্যজনের বয়স ১৬ বছর। পুলিশ বাদী হয়ে তিন শিশুর বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। মামলায় মাহফুজুর রহমানের নাম নেই। মামলার বাদী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম জানান, গত বুধবার রাতে একইর বাজারের কয়েক ব্যক্তি ফেনসিডিলসহ শিশুদের আটক করে থানায় খবর দেন। পুলিশ ৭৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে নিয়ে আসে।দিনাজপুর কারাগারে আটক শিশুরা জানায়, তারা তিন বন্ধু। একজন কাটলাবাজারে একটি হোটেলে কাজ করে। অপর দুজন ট্রলিচালকের সহকারী। রামচন্দ্রপুর গ্রামের মাহফুজুরের ছেলে তাদের বন্ধু। মাহফুজুর প্রায়ই তাঁর সঙ্গে ঢাকা যাওয়ার প্রলোভন দেখাতেন। মাহফুজুর বলতেন তাঁর সঙ্গে গেলে যাতায়াত খরচসহ অন্যান্য খরচ তিনি দেবেন। এতে শিশুরা ঢাকা যেতে রাজি হয়।বুধবার বিকেলে মাহফুজুর শিশুদের নিয়ে পাশের চকেন্দাব গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি তাদের হাতে ছোট তিনটি ব্যাগ ধরিয়ে দেন। শিশুরা ব্যাগগুলো নিয়ে মাহফুজুরের সঙ্গে রওনা হয়। তবে মাহফুজুর তাদের সরাসারি বিরামপুরে না গিয়ে একইর থেকে মাদিলাহাট হয়ে ফুলবাড়িতে গিয়ে ঢাকার বাসে উঠবেন বলে শিশুদের জানান। তারা একইর গ্রামে পৌঁছালে এলাকাবাসী তিন শিশুকে আটক করে। এ সময় মাহফুজুর পালিয়ে যান।আটকের পর শিশুদের কাছ থেকে ঘটনা শুনে তাদের পরিবার ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসী জানান, শিশু তিনটির দুজনের বাবা নেই।অভিযুক্ত মাহফুজুর রহমান দাবি করেন, শিশুদের তিনি প্রলোভন দেখিয়ে আনেননি। শিশুরা টাকার জন্য স্বেচ্ছায় তাঁর সঙ্গে গেছে।দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের এমাজউদ্দিন, জামঞ্চদ আলীসহ গ্রামবাসী জানান, মাহফুজুর একজন চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। তাঁর ফাঁদে পড়ে নিরীহ তিনটি গরিব শিশু মামলায় পড়েছে। তাঁরা মাহফুজুরকে আটক করে শিশুদের মুক্তির জোর দাবি জানিয়েছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহফুজুর অমানবিক কাজ করেছেন। ছেলেগুলোর বিরুদ্ধে এ রকম কোনো অভিযোগ আগে শোনা যায়নি।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন।