মাদক ব্যবসায়ীর পক্ষে পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চোলাই মদ ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এক বিক্রেতাকে মদসহ ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু পুলিশ তাঁকে ছেড়ে দেয়। পরে মাদক ব্যবসায়ীরা এক জোট হয়ে প্রতিবাদকারী এলাকাবাসীর মধ্যে চারজনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা ঠুকে দেন। সে মামলায় ইতিমধ্যে অভিযোগপত্রও দায়ের করা হয়ে গেছে। ঘটনাটি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গ্রামের। ওই দিন পুলিশের কাছ থেকে ছাড়া পেলেও ইউএনওর হাত থেকে বাঁচতে পারলেন না চিহ্নিত মাদক বিক্রেতা অরবিন্দু বড়ুয়া (৪৫)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চার লিটার বাংলা মদসহ মাতাল অবস্থায় ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক ওই দণ্ডাদেশ দেন। ইউএনও বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। অরবিন্দু এলাকার চিহ্নিত মদ ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা আছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মকতুল হোছন, অরবিন্দু বড়ুয়া ও তাঁর ভাই শশাংক বড়ুয়া উত্তর মিঠাছড়ি বড়ুয়াপাড়ায় দীর্ঘদিন ধরে বাংলা মদ ও গাঁজা বেচাকেনা করে আসছেন। তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী গত ১১ অক্টোবর একটি অভিযোগ ইউএনওর কাছে দেন। এর কয়েক দিন পর এলাকাবাসী মদসহ মকতুল হোছনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কিন্তু ওই রাতেই পুলিশ তাঁকে ছেড়ে দেয়। ক্ষিপ্ত হয়ে মকতুল হোছন গত ১ নভেম্বর কক্সবাজার বিচারিক হাকিম আদালতে প্রতিবাদকারীদের মধ্যে মোস্তাক আহাম্মদ, আমিন উদ্দিন, রুকন উদ্দিন ও অমিত বড়ুয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য রামু থানার ওসিকে নির্দেশ দেন। সে অনুযায়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন চার নিরীহ ব্যক্তিকে অভিযুক্ত করে ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর বাদী মকতুল হোছন জমি বিক্রির টাকাসহ বাড়ি যাওয়ার পথে বড়ুয়াপাড়া রাস্তার ওপর আসামিরা দা, রড হাতে তাঁর পথ আগলে দাঁড়ান। আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপান, কিলঘুষি মারেন এবং বাদীর পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে নেন। এ প্রসঙ্গে ইউএনও বলেন, ‘মামলাটি সম্পূর্ণ সাজানো। এলাকাবাসী আমার কাছে এলে আমি তাৎক্ষণিক বিষয়টি ওসিকে অবহিত করি। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও এ নিয়ে আলোচনা হয়। তবু পুলিশ কেন মাদক ব্যবসায়ীর পক্ষ নিল, বুঝতে পারছি না।’ মামলার তদন্তকারী কর্মকর্তা রামু থানার এএসআই বেলাল হোসেন বলেন, ‘মকতুল হোছন মাদক বিক্রেতা, এটা ঠিক আছে। তবে ওই দিনের ঘটনাটি ভিন্ন। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে মারধর করা হয়েছে।’ রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়াও মামলাটি সাজানো বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘অভিযোগপত্র দাখিলের বিষয়টি আমার অজান্তে হয়ে গেছে। এটি প্রত্যাহার করে নেওয়ার চেষ্টা করব।’ তবে মাদক বিক্রেতাদের সহযোগিতা করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, তিনি রামুতে নতুন। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।